নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ : টেলিযোগাযোগ মন্ত্রী

৮ অক্টোবর, ২০২১ ১০:২৫  
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, ফাইভ-জি নেটওয়ার্ক চালু এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই নির্ধারিত সময় বিষয়ে মন্ত্রী বলেছেন, জাতিকে দেওয়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই তিনটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বের সাতান্নতম স্যাটেলাইট উৎক্ষেপণকারি দেশের গৌরবই কেবল অর্জন করিনি বরং গত দু‘বছরে আমাদের নিজেদের ছেলেদের কারিগরি সহায়তায় কোন প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়াই নিরবচ্ছিন্নভাবে স্যাটেলাইট –সেবা দিয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল আয়োজিত 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহের সম্প্রচার শুরুর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা'য় এসব কথা বলেন মন্ত্রী। টিভি চ্যানেল মালিকদের এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জলে স্থলে অন্তরীক্ষে দেশের বিজয়কেতনের ভিত রচনা করেছেন। আজ আমরা সবাই  নিজ দেশের স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) ব্যবহার করতে পেরে গৌরব অনুভব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও তৃতীয় স্যাটেলাইটের প্রস্তুতি দেশকে অনেক এগিয়ে নেবে। অনুষ্ঠান স্থল থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং অনলাইনে যুক্ত হয়ে  ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো সভাপতি অঞ্জন চৌধুরী। স্বাগত বক্তব্যে বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পথনকশা বিশেষ করে দেশের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মধ্যপ্রাচ্যে সম্প্রচারের বিষয়ে আলোকপাত করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. শাহজাহান মাহমুদ। এসময় বিএসসিএলের সঙ্গে টেলিভিশন চ্যানেলগুলোর সৌহার্দপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেন অ্যাটকো সভাপতি । আলোচনা শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।